আজকের এই দ্রুতগতির জীবনে আমরা সবাই যেন এক অদৃশ্য প্রতিযোগিতায় শামিল। সকালে ঘুম থেকে উঠেই ল্যাপটপ খোলা, মিটিং, ডেডলাইন, প্রজেক্ট, বাড়ি ফিরে আবার কাজ—এই চক্রে আমরা এমনভাবে আটকে গেছি যে নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা করাটাই যেন বাড়তি কাজ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই যে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি, এটা কি আসলে জীবনের সঠিক সংজ্ঞা? নাকি কাজ ও জীবনের মধ্যে একটা সুস্থ ভারসাম্য রাখাটাই আসল সাফল্য?
সকাল থেকে রাত পর্যন্ত কাজের চাপ আর ডেডলাইনের ভিড়ে আমরা নিজেদের জন্য সময় বের করতেই ভুলে যাই। কিন্তু এই অসম ভারসাম্য আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর কী প্রভাব ফেলে? গবেষণা বলছে, কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য না থাকলে তা আমাদের জীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চলুন জেনে নিই, কেন এই ভারসাম্য এত গুরুত্বপূর্ণ এবং কীভাবে তা অর্জন করতে পারি।
গবেষণা যা বলে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মতে, কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য না থাকলে তা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে। একটি গবেষণায় দেখা গেছে, যারা কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারেন না, তাদের মধ্যে স্ট্রেস বা উদ্বেগ, এবং অবসাদের মাত্রা অনেক বেশি। এমনকি, হার্ভার্ড বিজনেস রিভিউয়ের একটি রিপোর্ট অনুযায়ী, কাজের চাপের কারণে কর্মীদের উৎপাদনশীলতা শতকরা ২০ ভাগ পর্যন্ত কমে যেতে পারে।
এছাড়াও, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে, সপ্তাহে ৫০ ঘণ্টার বেশি কাজ করা কর্মীদের মধ্যে হৃদরোগের ঝুঁকি অনেক বেশি। আরও মজার বিষয় হলো, গবেষণায় দেখা গেছে, যারা কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখেন, তারা শুধু সুখীই নন, তাদের কাজের দক্ষতাও অনেক বেশি।
কাজের চাপে যখন আমরা পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারি না, তখন সম্পর্কে দূরত্ব তৈরি হয়। ভারসাম্য বজায় রাখলে এই সম্পর্কগুলো আরও মজবুত হয়।
ভারসাম্য আনবেন যেভাবে
১. প্রথমেই নিজেকে প্রাধান্য দিন: আমরা অনেকেই ভাবি, কাজটা শেষ করলেই বিশ্রাম নেওয়া যাবে। কিন্তু এই ‘একটা কাজ শেষ করলেই’ এর কোনো শেষ নেই। তাই নিজের জন্য সময় বের করুন। দিনে অন্তত ৩০ মিনিট হাঁটুন, বই পড়ুন, বা যা ভালো লাগে করুন।
২. সময় ব্যবস্থাপনা: কাজের সময় কাজ, আর বিশ্রামের সময় বিশ্রাম—এই নিয়ম মেনে চলুন। কাজের সময় সোশ্যাল মিডিয়া বা অন্যান্য ডিসট্রাকশন এড়িয়ে চলুন। এতে কাজ দ্রুত শেষ হবে, এবং অবসর সময়টা উপভোগ করতে পারবেন।
৩. না বলতে শিখুন: সব কাজ আপনার দায়িত্ব নয়। যখন দেখবেন কাজের চাপ বেশি, তখন সাহস করে ‘না’ বলুন। এটা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি।
৪. পারিবারিক বন্ধনের বন্ধু
একটি সুন্দর এবং সুসংগঠিত বাড়ি পারিবারিক সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলে। বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ এবং সুন্দর হলে পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে বেশি সময় কাটাতে আগ্রহী হন। এটি পারিবারিক বন্ধনকে মজবুত করে এবং সুখী পরিবেশ তৈরি করে।
৫. সৃজনশীলতার উৎস
আমাদের চারপাশের পরিবেশ সুন্দর এবং অনুপ্রেরণাদায়ক হলে আমাদের মস্তিষ্ক নতুন ধারণা নিয়ে চিন্তা করতে উৎসাহিত হয়। যদি আপনি কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন, যেমন লেখালেখি, আঁকা বা ডিজাইন করা, তাহলে আপনার জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
আপনার পেশাগত সাফল্য ও ক্যারিয়ার অবশ্যই আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এর বাইরেও আপনার জীবনের আরো অনেকগুলো অংশ আছে। অনেকগুলো সম্পর্ক আছে। সেগুলোকেও গুরুত্ব দিন। তবেই জীবন পরিপূর্ণ মনে হবে।