সাত্তার আব্বাসী, ভ্রাম্যমাণ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মামুদপুর বিলপাড়া গ্রামে দূষিত কাঁঠাল খেয়ে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। হৃদয়বিদারক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
বুধবার (১৬ জুলাই ২০২৫) বিকেলে বিষক্রিয়াজনিত কারণে মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা নুরুল হকের পুত্র বাকি বিল্লাহ (৫) ও কন্যা আছিয়া খাতুন (৪)-এর।
পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিন আগে পাড়া থেকে আনা হয় একটি পুরনো ও আংশিক পচা কাঁঠাল। পরে সেটি মুড়ির সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয় দুই শিশুকে। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা বমি, পেটব্যথাসহ তীব্র শারীরিক অস্বস্তিতে ভোগে।
পরিবারের সদস্যরা দ্রুতই তাদের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে মৃত্যুসংবাদ। বিলপাড়া গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে স্বজনদের বুকফাটা আহাজারিতে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকেরিয়া হোসেন জানান, “পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। দাফন সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়াই মৃত্যুর কারণ।” তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়নি বলেও তিনি জানান।
স্থানীয়রা বলছেন, খাদ্য নিরাপত্তা ও সচেতনতার অভাবেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। আতঙ্কিত এলাকাবাসী ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক প্রচার চালানোর দাবি তুলেছেন।
এই করুণ ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি খাবারের মান, উৎস এবং নিরাপত্তা বিষয়ে আমাদের আরও সচেতন হওয়া জরুরি, বিশেষ করে কোমলমতি শিশুদের খাদ্য নিয়ে।