রংপুর প্রতিনিধি:
রংপুর নগরীর অন্যতম ব্যস্ত সড়ক জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় রয়েছে। সড়কজুড়ে ভাঙাচোরা অংশ, অসংখ্য গর্ত ও জমে থাকা পানির কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর এই সমস্যার কথা গণমাধ্যমে উঠে এলেও রংপুর সিটি কর্পোরেশন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাদের এই নীরবতা ও নিষ্ক্রিয়তার প্রতিবাদে ভিন্নধর্মী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
রোববার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সাতমাথা রেলগেটসংলগ্ন মরিয়ম চক্ষু হাসপাতালের পাশে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতীকী গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এই ব্যতিক্রমী কর্মসূচিতে অংশ নেন সাতমাথার বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয়, প্রান্ত হোসেন, মো. নাঈম, সাকিব হোসেন, মোহাম্মদ হাসান, হোসাইন, সৈকত ইসলাম, তানভীর ইসলাম, নাঈম হক, মাহিমসহ অনেক তরুণ। জানাজা পরিচালনা করেন মাদ্রাসাছাত্র রাহুল ইসলাম।
এ বিষয়ে আয়োজক রাজিমুজ্জামান হৃদয় বলেন, “দিনের পর দিন সাতমাথা থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের ভয়াবহ বেহাল দশা যেন দেখার কেউ নেই। অথচ এই সড়কের দায়িত্ব সিটি কর্পোরেশনের। কিন্তু তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। মনে হচ্ছে, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ মৃতপ্রায় তাই তাদের জন্যই গায়েবানা জানাজার আয়োজন।”
তিনি আরও বলেন, “এর আগেও আমরা বিভিন্নভাবে সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। তারা কেবল আশ্বাস দিয়েছে, বাস্তব কোনো উদ্যোগ নেয়নি।”
প্রতীকী জানাজার মাধ্যমে প্রতিবাদ জানিয়ে এলাকাবাসী আবারও সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করতে চান, যেন জরুরি ভিত্তিতে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।