নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ফারুক হোসেন (৩৪)–কে রাজধানী ঢাকার রায়েরবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু।
র্যাব জানায়, র্যাব-১০-এর সহায়তায় ঢাকার কদমতলী থানার রায়েরবাগ বাসস্ট্যান্ড মোড় থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপনাথপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী গৃহবধূ তার আট বছর বয়সী মেয়েকে নিয়ে বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরেই অভিযুক্ত ফারুক ও তার সহযোগীরা ওই নারীকে রাস্তাঘাটে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো। গত বুধবার (২৩ জুলাই) সকালে তার মেয়ে পাশের মাদ্রাসায় গেলে, দুপুরে ফারুকসহ তিনজন তার বাড়ির শয়নকক্ষে প্রবেশ করে লুকিয়ে থাকে।
পরে মেয়েটি বাড়ি ফিরে এলে, তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘর থেকে বের করে দেয় অভিযুক্তরা। এরপর ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় তারা। নিপীড়নের পর আত্মসম্মানহানির তীব্র আঘাতে ভুক্তভোগী আত্মহত্যা করেন।
পরবর্তীতে তার ইমো অ্যাকাউন্ট থেকে স্বামীর কাছে পাঠানো একটি অডিও রেকর্ড বিশ্লেষণ করে র্যাব অভিযুক্তদের শনাক্ত করে। ভুক্তভোগীর মা বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।