নিজস্ব প্রতিনিধি :
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের রপ্তানি আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে পণ্য রপ্তানি হয়েছে ৪৭৭ কোটি ডলারের, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে রপ্তানি আয় ছিল ৩৮২ কোটি ডলার।
প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকে প্রবৃদ্ধি হয়েছে ২৪.৫৪ শতাংশ। গত মাসে এ খাতে আয় হয়েছে প্রায় ৩৯৬ কোটি ডলার, যা আগের বছরের জুলাইয়ে ছিল ৩১৮ কোটি ডলার। র্যা পিড চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক বলেন, গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে রপ্তানি খাতে ধস নেমেছিল। সে তুলনায় এ বছরের প্রবৃদ্ধি স্বাভাবিক ও আশাব্যঞ্জক।
তৈরি পোশাক ছাড়াও বেশ কয়েকটি খাতে রপ্তানি আয় বেড়েছে, চামড়া ও চামড়াজাত পণ্য: আয় ১২ কোটি ৭৪ লাখ ডলার (প্রবৃদ্ধি ২৯.৭০%), কৃষিপণ্য: আয় ৯ কোটি ডলার+, প্রবৃদ্ধি ১৩% (সবজি ও তামাক বেড়েছে, চা কমেছে), হোম টেক্সটাইল: আয় ৬ কোটি ৮০ লাখ ডলার (প্রবৃদ্ধি ১৩%), প্রকৌশল পণ্য: আয় ৫ কোটি ৮২ লাখ ডলার (প্রবৃদ্ধি ৭৪%), পাট ও পাটজাত পণ্য: আয় ৫ কোটি ৫৪ লাখ ডলার (প্রবৃদ্ধি ৫%), হিমায়িত ও জীবন্ত মাছ: আয় ৪ কোটি ১২ লাখ ডলার (প্রবৃদ্ধি ৪৩%), বিশেষায়িত বস্ত্র: আয় ৩ কোটি ডলার (গত বছর ছিল ২ কোটি ৬৬ লাখ)।
২০২৪-২৫ অর্থবছরজুড়ে মোট রপ্তানি আয় ছিল ৪৮২৮ কোটি ডলার, যেখানে প্রবৃদ্ধি ছিল ৮.৫ শতাংশ। চলতি বছরের প্রথম মাসের ইতিবাচক সূচককে দেশের অর্থনীতির জন্য শুভসংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তাদের মতে, এই ধারা অব্যাহত থাকলে সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি আরও বাড়বে।