মোঃ আব্দুর রহমান হেলাল
ভোলা জেলা প্রতিনিধি:।।
বোরহানউদ্দিনে জামায়াতের ৩০ কর্মী বিএনপিতে যোগদান করেছেন—এ দাবিকে “সম্পূর্ণ সাজানো নাটক, রাজনৈতিক প্রতারণা ও মিথ্যাচারের অপপ্রয়াস” বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা।
শুক্রবার (১৪ নভেম্বর) এক প্রেস বিবৃতিতে উপজেলা জামায়াত জানায়, সংবাদে যেসব ব্যক্তির নাম প্রচার করা হয়েছে, তাদের কেউই জামায়াতের সদস্য নন। এমনকি ‘জয়েন্ট সেক্রেটারি’ নামে উল্লেখিত পদ জামায়াতের কাঠামোতে অতীতে বা বর্তমানে কখনো ছিল না।
সাজানো দৃশ্য তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ
জামায়াতের দাবি—টুপি ও দাড়িওয়ালা কয়েকজন সাধারণ মানুষকে জামায়াতের কর্মী সাজিয়ে বিএনপি মনোনীত প্রার্থী হাফেজ ইব্রাহিমের সংবর্ধনা অনুষ্ঠানে ‘যোগদানকারী’ হিসেবে দাঁড় করানো হয়েছে।
এ ধরনের প্রচারণাকে তারা “বোরহানউদ্দিন বিএনপির রাজনৈতিক দুর্বলতা ও হীন কৌশলের বহিঃপ্রকাশ” বলে অভিহিত করে।
আদর্শিক সংগঠন হিসেবে জামায়াতের অবস্থান
বিবৃতিতে আরও জানানো হয়, জামায়াতে ইসলামী একটি আদর্শনিষ্ঠ ও প্রশিক্ষণভিত্তিক ইসলামী রাজনৈতিক সংগঠন। কোরআন–সুন্নাহর শিক্ষা, দীর্ঘ প্রশিক্ষণ এবং নৈতিকতা যাচাইয়ের পর ধাপে ধাপে কর্মী অন্তর্ভুক্ত করা হয়।
সুতরাং স্বার্থ বা লোভের কারণে কেউ এ সংগঠনে আসে না এবং এ সংগঠন সহজে ত্যাগও করা যায় না—এ দাবি করে উপজেলা জামায়াত।
“বিভ্রান্তিকর প্রচারণা আমাদের নীতি বদলাতে পারবে না”
বিবৃতিতে আরও বলা হয় “বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানোর এসব অপপ্রচার আমাদের অবস্থান থেকে সরাতে পারবে না।”