আন্তর্জাতিক ডেস্কঃ
ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমার দিকে ধেয়ে যাওয়ার ঘটনায় দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে আঙ্কারা। কূটনৈতিক সূত্র জানিয়েছে, এ ঘটনার ব্যাখ্যা জানতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতকে ডাকা হয়।
তুরস্কের কর্মকর্তারা জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে তারা ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন এবং বিষয়টি নিয়ে আঙ্কারার গভীর উদ্বেগ ইরানের কাছে তুলে ধরেছেন।
এর আগে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ছোড়া ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় প্রবেশ করলে সেখানে মোতায়েন থাকা ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে সেটিকে ভূপাতিত করে।
পরে ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ান্তেপ প্রদেশের একটি ফাঁকা জমিতে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনাটি ঘিরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে কূটনৈতিক মহল মনে করছে।