স্থানীয় সময় সোমবার বিকেলে টেক্সাসের পোর্ট আর্থার শহরের পশ্চিমাঞ্চলে অবস্থিত ভ্যালেরো তেল শোধনাগারের একটি অংশে এই বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে তা পুরো এলাকায় প্রতিধ্বনিত হয়।
বিস্ফোরণের পরপরই শোধনাগার এলাকা থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ সৃষ্টি করে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে শহর কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের ঘরে অবস্থান করার নির্দেশ দেয়।
ঘটনাস্থলের এক বাসিন্দা স্থানীয় টুয়েলভ নিউজকে জানান, পুরো এলাকায় পচা ডিমের মতো তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে, যা সাধারণত সালফারের উপস্থিতির ইঙ্গিত দেয়। অন্য বাসিন্দারা জানান, বিস্ফোরণের অভিঘাতে তাদের ঘরবাড়ি ও যানবাহন কেঁপে ওঠে।
দিনভর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকার বায়ুমান পর্যবেক্ষণ করে, কারণ ধোঁয়ায় পুরো আকাশ ঢেকে যায়। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভ্যালেরো এনার্জি কর্পোরেশনের এক প্রতিনিধি জানিয়েছেন, শোধনাগারের সব কর্মীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং কেউ নিখোঁজ নেই।
উল্লেখ্য, টেক্সাস উপসাগরীয় উপকূলের কাছে অবস্থিত ভ্যালেরো পোর্ট আর্থার শোধনাগারটি দৈনিক প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল পেট্রোল, ডিজেল ও জেট জ্বালানি উৎপাদন করে এবং এখানে প্রায় ৭৭০ জন কর্মী কাজ করেন।
অন্য একজন আশঙ্কা প্রকাশ করে বলেন, “এই রাসায়নিক গ্যাস শুধু ওই এলাকায় সীমাবদ্ধ নাও থাকতে পারে।”