নিজস্ব প্রতিনিধিঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওমর ফারুক খানকে দেড় মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
রোববার (১২ এপ্রিল) অনুষ্ঠিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়, যা আগামী সোমবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই তাকে এই ছুটিতে পাঠানো হয়েছে। ব্যাংকিং খাতের প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংকের এমডিকে অপসারণ বা পরিবর্তনের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন গ্রহণ করে থাকে। তবে এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশেই তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মো. ওমর ফারুক খান গত বছরের আগস্ট মাসে ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে ব্যাংকটিতে যোগদান করেন এবং দীর্ঘ কর্মজীবনে প্রধান কার্যালয়ের ট্রেজারি, বৈদেশিক বাণিজ্য ও করপোরেট বিনিয়োগসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন। প্রায় চার দশকের অভিজ্ঞ এই ব্যাংকার ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোম্যাট অ্যাসোসিয়েট।
এদিকে, ওমর ফারুক খানের অনুপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. আলতাফ হোসেন ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।