নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর বনানী এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী কাঁচাবাজার সংলগ্ন ১২ নম্বর রোডের ৪৪ নম্বর একটি ১১ তলা ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরিস্থিতি বিবেচনায় পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং আগুন নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস সদস্যরা।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভবনটিতে কেউ আটকা পড়েছেন কি না, সে বিষয়েও এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
তবে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।