নিজস্ব প্রতিনিধি :
ঢাকা: রাজধানীতে আলোচিত চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক নেতা মো. অপু আহম্মেদসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মো. রিয়াদ নামে এক ব্যক্তি আদালতে দেওয়া জবানবন্দিতে জানান, চাঁদাবাজির প্রথম দফায় অপুসহ গ্রেপ্তার বাকিরা ৪০ লাখ টাকা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে এবং তা সমানভাগে ভাগ করে নেয়।
পরবর্তী দফার অর্থ, আরও ৪০ লাখ টাকা নেওয়ার জন্য ২৫ জুলাই শাম্মী আহম্মেদের বাসায় গেলে পুলিশ অভিযান চালিয়ে রিয়াদসহ তিনজনকে গ্রেপ্তার করে। তবে অভিযানে অপু পালিয়ে যান। পরে তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে রোববার মামলার অন্য তিন আসামি মো. ইব্রাহিম হোসেন, সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে রিমান্ড শেষে আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা তাদের কারাগারে রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তাদেরও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, অভিযুক্ত চারজনই ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগ উঠার পর তাদের নিজ নিজ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।