নিজস্ব প্রতিনিধিঃ
আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ‘অলিখিত চুক্তি’র অভিযোগ তুলে দাগি আসামিদের জামিন পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের আয়োজনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “দুঃখজনক হলেও সত্য, বিএনপি আওয়ামী লীগের ভোটের মাধ্যমেই ক্ষমতায় এসেছে। তাদের মধ্যে একটি অলিখিত সমঝোতা ছিল।” তিনি দাবি করেন, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী, এমনকি শেখ হাসিনাও বিদেশে বসে এমন বক্তব্য দিচ্ছেন।
তিনি অভিযোগ করেন, নতুন সরকার গঠনের পর সেই কথিত সমঝোতার প্রভাবেই অভ্যুত্থানের সময় হামলা ও হত্যার সঙ্গে জড়িত অনেক দাগি আসামি জামিন পাচ্ছে।
সংসদে বাতিল হওয়া ২০টি অধ্যাদেশকে কণ্ঠভোটে পাস হওয়া ১১৩টি অধ্যাদেশের চেয়েও গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি আগে যেসব সংস্কার দাবি করত, ক্ষমতায় এসে তারা সেগুলোর বিপরীত অবস্থানে যাচ্ছে।
তার ভাষ্য, “যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে তারা নির্যাতনের শিকার হয়েছিল, এখন তারাই সেই প্রতিষ্ঠানগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়।” তিনি অভিযোগ করেন, সরকার গুম, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন এবং বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করেছে রাজনৈতিক উদ্দেশ্যে।
সারজিস আরও বলেন, জুলাই আন্দোলনে আহত যোদ্ধা ও শহীদ পরিবারগুলো এখনো হুমকির মুখে রয়েছে। “যারা আগে হামলা চালিয়েছিল, তারা এখনো বুক ফুলিয়ে ঘুরছে এবং শহীদ পরিবারদের ভয়ভীতি দেখাচ্ছে,” বলেন তিনি।
বিএনপির উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “যদি বিরোধী দলের কবর খোঁড়ার রাজনীতি শুরু হয় এবং সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটা হয়, তাহলে সেই কবর সবার আগে তাদের জন্যই প্রস্তুত হবে।”
তিনি শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের বিভাজিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোনো দলীয় ব্যানারের বাইরে থেকে তাদের শহীদদের আদর্শ ও আকাঙ্ক্ষার পক্ষে ঐক্যবদ্ধ থাকা উচিত।
সভায় তিনি আরও বলেন, “আমরা চাই না আপনারা কোনো দলের ব্যানারে আবদ্ধ থাকুন। বরং যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন উৎসর্গ করা হয়েছে, তার পক্ষেই দৃঢ় থাকুন-সেটিই দেশের স্বার্থ রক্ষা করবে।”