নিজস্ব প্রতিনিধিঃ
সংসদে দাঁড়িয়ে দেশের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের কল্যাণে সরকারের চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনী ইশতেহারে কৃষক, শ্রমিক, দিনমজুরসহ সকল পেশার মানুষের জন্যই আলাদা পরিকল্পনা রাখা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।
আজ বুধবার সকালে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের সহায়তায় ইতোমধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম চালু হয়েছে। পাশাপাশি প্রান্তিক পর্যায়ের নারী প্রধান পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘পরিবার কার্ড’ দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
তিনি আরও জানান, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগ শুধু কৃষকদের জন্য নয়, বরং গ্রামাঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।
দেশে সবুজায়ন বাড়াতে আগামী পাঁচ বছরে বিপুলসংখ্যক বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। এ কর্মসূচিতে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীও অর্থনৈতিকভাবে উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী প্রদানের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সমাজে ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের আর্থিক সহায়তার বিষয়টি সরকারের পরিকল্পনায় রয়েছে এবং এর কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও জানান, দেশের পেশাদার ক্রীড়াবিদ গড়ে তুলতে বিশেষ সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে, যাতে দরিদ্র পরিবারের তরুণরা খেলাধুলায় নিজেদের ভবিষ্যৎ গড়তে পারে।
সবশেষে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও জীবনমান উন্নয়নে নেওয়া এসব পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া।