নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল ওয়ারেছ।
জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জামায়াতের এই সংসদ সদস্য। একইসঙ্গে স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ জাতীয় নেতাদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে তিনি বঙ্গবন্ধুকে স্বাধীনতার অন্যতম নায়ক হিসেবে উল্লেখ করে শ্রদ্ধা জানান। পাশাপাশি তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকেও স্মরণ করেন, যাকে তিনি স্বাধীন বাংলাদেশের অগ্রদূত হিসেবে উল্লেখ করেন।
তবে সংবিধানে স্বাধীনতার ঘোষক প্রসঙ্গ নিয়ে আপত্তি তুলে এমপি আবদুল ওয়ারেছ বলেন, বর্তমান সংবিধানে এ বিষয়ে ‘মহা অসত্য’ রয়েছে। তিনি দাবি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে সংসদে লিপিবদ্ধ করা হয়নি, যা সংশোধন করা প্রয়োজন। এ বিষয়ে চলতি মেয়াদের মধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরেন এই সংসদ সদস্য। তিনি বলেন, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার একাধিক ইউনিয়ন যমুনা নদীভাঙনের কবলে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় নদী শাসন কার্যক্রম জোরদার ও দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।
উত্তরবঙ্গের উন্নয়নে ফুলছড়ি থেকে বাহাদুরাবাদ পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের প্রস্তাবও দেন তিনি। তার মতে, এ প্রকল্প বাস্তবায়িত হলে শিল্পায়ন ও কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং বোনারপাড়া রেলওয়ে জংশন ও স্থানীয় হাসপাতাল পূর্ণোদ্যমে চালু করা সম্ভব হবে।
স্বাস্থ্যখাতের দুরবস্থার কথাও তুলে ধরে তিনি বলেন, সাঘাটা ও ফুলছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট তীব্র, বহু পদ শূন্য রয়েছে। দ্রুত জনবল নিয়োগের মাধ্যমে সেবার মান স্বাভাবিক করার আহ্বান জানান তিনি।
এছাড়া গাইবান্ধায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানান সংসদ সদস্য মো. আবদুল ওয়ারেছ।