আন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন নৌ-অবরোধের কড়া নজরদারির মধ্যেও ইরান বিশাল অঙ্কের তেল রপ্তানি করে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সামুদ্রিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘ট্যাঙ্কারট্র্যাকার্স’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটি তাদের অপরিশোধিত তেল রফতানি টার্মিনালগুলোতে প্রায় ৪৬ লাখ ব্যারেল তেল লোড করেছে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, অতিরিক্ত প্রায় ৪০ লাখ ব্যারেল তেল ইতোমধ্যে মার্কিন অবরোধ এড়িয়ে গন্তব্যের পথে রয়েছে। সব মিলিয়ে প্রায় ৮৬ লাখ ব্যারেল তেল রপ্তানির এই চিত্র আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন তুলেছে—আসলে কতটা কার্যকর যুক্তরাষ্ট্রের এই অবরোধ ব্যবস্থা?
বিশ্লেষকদের মতে, চলমান যুদ্ধবিরতির আবহে ইরানের এই পদক্ষেপ কেবল অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, বরং একটি কৌশলগত বার্তাও বহন করছে। কারণ, যুক্তরাষ্ট্র বরাবরই দাবি করে আসছে যে, ইরানের তেলবাহী জাহাজ ও বন্দর কার্যত তাদের নজরদারির আওতায় রয়েছে।
তবে বাস্তবতা যেন ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালীর ওপর ইরানের প্রভাব ও নিয়ন্ত্রণ এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই পথকে ঘিরে ইরান যে কৌশলগত সুবিধা ধরে রেখেছে, তা বর্তমান ভূরাজনৈতিক সমীকরণে দেশটিকে একধাপ এগিয়ে রাখছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে—মার্কিন অবরোধ কি সত্যিই ইরানের অর্থনীতিকে থামাতে পারছে, নাকি উল্টো ইরানই নতুন কৌশলে সেই অবরোধকে অকার্যকর করে তুলছে?