আন্তর্জাতিক ডেস্কঃ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির সাবেক গোয়েন্দা প্রধান জেনারেল হুগো কারভাহাল ব্যারিওস। তিনি ‘এল পোল্লো’ বা ‘মুরগি’ নামে পরিচিত, যা ভেনেজুয়েলার ভেতরে তার একটি বহুল প্রচলিত কোড নাম।
কারভাহাল প্রয়াত শাসক হুগো চাভেজের শাসনামলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তবে গত বছর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে মাদক পাচারের অভিযোগ স্বীকার করেন। বর্তমানে তিনি ব্রুকলিনের একটি কারাগারে মাদক ও সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলার রায়ের অপেক্ষায় আছেন।
কারাগারে থাকা অবস্থাতেই তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি পাঠান বলে জানা গেছে। গত ডিসেম্বরে পাঠানো ওই চিঠিতে তিনি দাবি করেন, মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে তিনি প্রস্তুত এবং অতীত কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত।
চিঠির একটি অনুলিপি তার আইনজীবীর মাধ্যমে সিএনএন প্রকাশ করে। সেখানে কারভাহাল অভিযোগ করেন, মাদুরো যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন এবং ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ‘ত্রেন দে আরাগুয়া’র সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রে মাদক ও গুপ্তচর প্রবেশ করানোর ষড়যন্ত্রে জড়িত ছিলেন।
প্রকাশিত তথ্য অনুযায়ী, এসব অভিযোগের অনেকাংশই যুক্তরাষ্ট্রে মাদুরোর বিরুদ্ধে চলমান আইনি মামলার অভিযোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে দাবি করা হয়েছে।