আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানের ওপর চলমান নৌ-অবরোধের অংশ হিসেবে গত দুই সপ্তাহে ৩৮টি বাণিজ্যিক জাহাজকে তাদের গন্তব্য পরিবর্তন করতে অথবা নিকটবর্তী বন্দরে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, সোমবার (২৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করে।
সেন্টকমের পোস্টে উল্লেখ করা হয়, “মার্কিন বাহিনী ৩৮টি জাহাজকে তাদের পথ পরিবর্তন করতে অথবা বন্দরে ফিরে যেতে নির্দেশ দিয়েছে।”
এদিকে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে এক সমাবেশে সামরিক শক্তির প্রদর্শনী হিসেবে ‘শাহেদ-১৩৬’ ড্রোন উপস্থাপন করা হয়েছে। সমাবেশে উপস্থিত জনতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হুমকির বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী ও নেতৃত্বের প্রতি সমর্থন জানান।