আন্তর্জাতিক ডেস্কঃ
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা-র নিকটবর্তী এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮৪ জন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা Reuters এ তথ্য জানিয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাতে জাকার্তার পাশের শহর বেকাসি-তে একটি কমিউটার ট্রেন ও একটি দূরপাল্লার ট্রেনের মধ্যে এই মর্মান্তিক সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পরপরই ধ্বংসস্তূপে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে তৎপরতা শুরু করেন উদ্ধারকর্মীরা।
দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সাইফি জানান, ধ্বংসস্তূপের ভেতর আটকে পড়াদের উদ্ধার কার্যক্রম অত্যন্ত জটিল ও সংবেদনশীল। এখনও কিছু যাত্রী জীবিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে এবং তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
কর্তৃপক্ষ জানায়, একটি কমিউটার ট্রেন স্টেশনে দাঁড়িয়ে ছিল। এসময় একই লাইনে পেছন থেকে আসা একটি দূরপাল্লার ট্রেন সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বিশেষ করে নারীদের জন্য নির্ধারিত একটি কোচ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার বিষয়ে শোক প্রকাশ করে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে রেল নিরাপত্তা জোরদারের কথাও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় রেল দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। এর আগে ২০২৪ সালে পশ্চিম জাভায় আরেকটি ট্রেন দুর্ঘটনায় প্রাণহানি ও ব্যাপক আহতের ঘটনা ঘটেছিল, যা দেশটির রেল নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলে।