আন্তর্জাতিক ডেস্কঃ
ইরান তার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস না করার বিষয়ে একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমারেখার তালিকা পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে। তেহরানের পক্ষ থেকে ইসলামাবাদকে অনুরোধ জানানো হয়েছে, তালিকার বিষয়গুলো দ্রুত যুক্তরাষ্ট্রকে অবহিত করতে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি পাকিস্তান সফরের সময় দেশটির শীর্ষ কর্মকর্তাদের কাছে এই তালিকা তুলে দেন। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, এতে মূলত পারমাণবিক কর্মসূচি এবং কৌশলগত হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো সরাসরি আলোচনার অংশ নয়, বরং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে তেহরানের অবস্থান স্পষ্ট করার একটি কূটনৈতিক বার্তা।
তেহরান মনে করছে, পাকিস্তানের মতো প্রতিবেশী ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কযুক্ত দেশকে মাধ্যম হিসেবে ব্যবহার করলে বার্তাটি ওয়াশিংটনে দ্রুত পৌঁছানো সম্ভব হবে এবং সম্ভাব্য উত্তেজনা বা ভুল সিদ্ধান্ত এড়ানো যেতে পারে।
প্রকাশিত তথ্যানুযায়ী, ইরানের ‘রেড লাইন’ তালিকায় পারমাণবিক সক্ষমতা বজায় রাখা এবং হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এসব বিষয়ে কোনো ধরনের বহিঃশক্তির হস্তক্ষেপকে কঠোরভাবে প্রতিরোধ করার ইঙ্গিত দিয়েছে তেহরান।
বিশ্লেষকদের মতে, পাকিস্তানের মাধ্যমে এই বার্তা প্রেরণ ইরানের একটি পরিকল্পিত কূটনৈতিক পদক্ষেপ, যা সরাসরি সংঘাত এড়িয়ে পরোক্ষ যোগাযোগের পথ তৈরি করতে পারে। তবে যুক্তরাষ্ট্র এই বার্তাকে কীভাবে গ্রহণ করবে, তা এখনো অনিশ্চিত।