আন্তর্জাতিক ডেস্কঃ
আফ্রিকার দেশ দক্ষিণ সুদান-এর রাজধানীর নিকটবর্তী এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর খবরে জানানো হয়, সোমবার (২৭ এপ্রিল) রাজধানী জুবা-র উপকণ্ঠে সেসনা মডেলের একটি ছোট বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এতে ১৩ জন যাত্রী ও পাইলটসহ বিমানে থাকা সবাই নিহত হন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়া এবং ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনাস্থলটি জুবা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিহতদের মধ্যে দুইজন কেনিয়ার নাগরিক ছিলেন, বাকিরা সবাই দক্ষিণ সুদানের বাসিন্দা। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার ও তথ্য সংগ্রহের জন্য একটি বিশেষ দল পাঠানো হয়েছে।
এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা যায়, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষে আগুন জ্বলছে। পাহাড়ি ও কুয়াশাচ্ছন্ন পরিবেশে দুর্ঘটনাটি আরও ভয়াবহ আকার ধারণ করেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।