আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না—এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্যায়ে কঠোর অবস্থান প্রকাশ পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ বিষয়ে ব্রিটিশ রাজা চার্লস ৩-এর সঙ্গে তার পূর্ণ ঐকমত্য রয়েছে।
হোয়াইট হাউসে রাজা চার্লসের সম্মানে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র যাওয়ার বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি জোর দিয়ে বলেন, “এটি শুধু যুক্তরাষ্ট্রের নয়, আমাদের মিত্রদেরও অভিন্ন অবস্থান।”
বর্তমানে রাজা তৃতীয় চার্লস যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেন। নৈশভোজে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি বিশেষ গুরুত্ব পায়, যেখানে ইরান ইস্যুটি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।
ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ইতিবাচক অগ্রগতি হচ্ছে। ইরান প্রসঙ্গে ইঙ্গিত করে তিনি আরও বলেন, সংশ্লিষ্ট প্রতিপক্ষকে সামরিকভাবে ইতোমধ্যে তারা দুর্বল করে ফেলেছে।
পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, “আমরা কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না।” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এ বিষয়ে রাজা চার্লস তার চেয়েও বেশি কঠোর অবস্থানে রয়েছেন।
তবে ট্রাম্পের এই মন্তব্যের পরও যুক্তরাজ্যের রাজপ্রাসাদ বা সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী, ব্রিটিশ রাজপরিবার সাধারণত সরাসরি রাজনৈতিক বা সামরিক বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করে না।
বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনেও এ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে কূটনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
সূত্র: আল-জাজিরা