আন্তর্জাতিক ডেস্কঃ
বিদেশে অবস্থানরত অনুতপ্ত ইরানি নাগরিকদের জন্য দেশে ফেরার সুযোগ উন্মুক্ত করেছে ইরান। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, অতীতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালেও যারা এখন অনুতপ্ত, তারা শাস্তি ছাড়াই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
মঙ্গলবার দেওয়া এক বক্তব্যে প্রধান বিচারপতি গোলাম হোসেন মহসেনি এজি বলেন, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে অনেক প্রবাসী ইরানির মধ্যে নতুন করে দেশপ্রেম জাগ্রত হয়েছে। এমন নাগরিকদের স্বাগত জানাতে প্রস্তুত রাষ্ট্র।
তিনি জানান, দেশে ফিরতে ইচ্ছুকদের অবশ্যই অতীতের ভুল স্বীকার করতে হবে এবং দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যারা এখনো বিদেশে বসে রাষ্ট্রবিরোধী শক্তিকে সমর্থন দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান বিচারপতি আরও বলেন, রাষ্ট্রের ক্ষতিসাধনকারীদের কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না। বরং তাদের ইরানে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে এবং তা জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে।
বিচার বিভাগ স্পষ্ট করেছে, যারা সরাসরি দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে কাজ করেছে, তাদের জন্য কোনো ধরনের ছাড় প্রযোজ্য হবে না। জাতীয় স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
তথ্যসূত্র: তাসনিম নিউজ