ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ব্রাজিলের প্রথম ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন ছিল নেইমারকে পাওয়া যাবে কি না। তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সর্বশেষ বক্তব্যে স্পষ্ট হয়েছে, মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে এই তারকা ফরোয়ার্ডের মাঠে নামার সম্ভাবনা খুবই কম।
বিশ্বকাপ যাত্রা শুরুর আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানিয়েছেন, চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন নেইমার এবং তিনি এখনও দলের সঙ্গে পুরোদমে অনুশীলনে ফিরতে পারেননি।
আনচেলত্তি বলেন, “নেইমার যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হওয়ার জন্য অনেক কঠোর পরিশ্রম করছে। তবে তিনি জানান, চলতি সপ্তাহে পুরো দলের সঙ্গে অনুশীলনে ফিরতে পারবেন না নেইমার। প্রথমে ধারণা করা হয়েছিল এই সপ্তাহেই তিনি মাঠে ফিরবেন। কিন্তু এখন পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহের কোনো এক সময় দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি।
সান্তোসের এই ফরোয়ার্ড গত ১৭ মে ডান পায়ে গ্রেড-টু চোটে আক্রান্ত হন। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে পুরো সপ্তাহজুড়ে নেইমার জিমে অনুশীলন করেছেন। তবে দলের সঙ্গে মাঠের অনুশীলনে অংশ নেননি। ফলে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে তার খেলা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে।
তবে মাঠে না নামলেও দলের জন্য নেইমারের গুরুত্ব অপরিসীম বলে মনে করেন আনচেলত্তি।
ব্রাজিল কোচ বলেন, নেইমারকে ডাকার সময় শুধু তার ফুটবলীয় গুণাবলি নয়, তার অভিজ্ঞতা এবং দলের তরুণ খেলোয়াড়দের জন্য তিনি যে উদাহরণ হতে পারেন, সেটিও বিবেচনায় রাখা হয়েছে।
মরক্কোর বিপক্ষে ম্যাচে না খেললেও ব্রাজিল শিবির আশাবাদী, গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় ম্যাচে নেইমারকে পাওয়া যেতে পারে। আগামী ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ম্যাচে ৩৪ বছর বয়সী এই তারকা প্রথমবারের মতো মাঠে নামতে পারেন বলে আশা করছে দলটি।