নওগাঁর সাপাহারে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে উপজেলার ছয়টি ইউনিয়নে ৮ হাজার ৫০০ বিঘা জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান
কৃষকদের উৎপাদন খরচ কমানো, সরিষা চাষ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশীয় ভোজ্যতেলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করার আশা করছে কৃষি বিভাগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) ও সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান (সেলিম)।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।