বরিশাল প্রতিনিধি :
বাথরুমে পড়ে শিশু জান্নাত আহত হয়েছে এমনটা বলে চিকিৎসার জন্য তার সৎ বাবা রাসেল সরদার ও মা সানজেনা বেগম ২০২৩ সালের ১ ডিসেম্বর ভর্তি করেন বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় পরদিন মৃত্যুর পর অর্থাৎ ২ ডিসেম্বর শিশু জান্নাতের মরদেহ উদ্ধার করে লাশের ময়নাতদন্তের জন্য প্রেরণ করে পুলিশ। কিন্তু ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, শিশু জান্নাতের মৃত্যু স্বাভাবিক নয়। শরীরে রয়েছে আঘাতের চিহ্ন। আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বরিশাল কোতয়ালি মডেল থানার পরিদর্শক রাহাতুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
তিনি জানান, জানান, ১ মাস আগে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেয়েছি। তাতে শিশুটিকে হত্যা করার বিষয়টি উঠে এসেছে। শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ মামলা করতে রাজি নয়। তাই নিজে বাদী গত ৫ সেপ্টেম্বর কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছি। মামলায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ আনা হয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরো বলেন, শনিবার (৭ সেপ্টেম্বর) এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার শিশুর মা ও সৎ বাবাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছিল। কিন্তু মৃত জান্নাতের মা ৭ মাসের অন্তঃসত্ত্বা থাকায় পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।
জানা যায়, নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের হাবীব মঞ্জিলের ভাড়াটিয়া হলেন মৃত. শিশু জান্নাতের মা-বাবা। ময়নাতদন্তের পরে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছিল।