আজ ৭ জানুয়ারি ২০২৪ বিকাল ৪টায় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার উদ্যোগে ফকিরবাড়ি রোড কার্যালয়ে মহিলা ফোরামের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সহ সভাপতি অধ্যাপক রিতা ব্যাপারি এবং পরিচালনা করেন মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সদস্য ফারজানা আক্তার। বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্তী, বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষক ইসরাত জাহান লিপি, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল শেখ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ প্রমুখ। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক শিবানী শিকদার।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে বৈষম্য বিলোপের লক্ষ্যে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু সমাজে সবচেয়ে বড় বৈষম্য হল নারীর প্রতি সমাজের বৈষম্য। এই বৈষম্য আইনে আছে, মজুরিতে আছে, সামাজিকভাবে নির্যাতন -নিপীড়নের মধ্যে দিয়ে এই বৈষম্য নগ্নভাবে প্রকাশিত। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম গত ৪১ বছর ধরে এই বৈষম্য বিলোপের লক্ষ্যে আন্দোলন পরিচালনা করে আসছে। স্বৈরাচারমুক্ত বাংলাদেশে নারীদের প্রতি বৈষম্যমূলক আইন বাতিল করে সম্পত্তিতে সমান অধিকার দেয়ার দাবি জানান বক্তারা। একইসাথে বক্তারা সকল প্রাতিষ্ঠানিক -অপ্রাতিষ্ঠানিক খাতে নারী-পুরুষের সমমজুরি নিশ্চিত করার দাবি জানান। একইসাথে বক্তারা কক্সবাজারের চকোরিয়ায় কিশোরী ধর্ষণের ঘটনাসহ সারাদেশে সকল নারী নির্যাতন-ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার,বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বক্তারা আরও বলেন, বরিশালে কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার সেন্টার ও কর্মজীবী নারী হোস্টেল নির্মাণ করা সময়ের দাবি। একইসাথে নগরের গুরুত্বপূর্ণ স্থানে নারীবান্ধব পাবলিক টয়লেট নির্মাণ করা খুবই প্রয়োজন। কিন্তু এসব গুরুত্বপূর্ণ খাতের উন্নয়নে স্বৈরাচারী সরকারের আমলে বরাদ্দ দেয়া হতনা। বক্তারা অবিলম্বে ডে কেয়ার সেন্টার নির্মাণ,কর্মজীবী নারী হোস্টেল নির্মাণ ও নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট নির্মাণ করার দাবি জানান।