লিয়াকত হোসেন রাজশাহী :
“জমি না দিয়ে ১১ লাখ আত্মসাৎ, মামলা তুলে নিতে হুমকি”—এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহীর বাসিন্দা শ্রী উত্তম কুমার বিশ্বাস। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য এ কথা বলেন।
লিখিত বক্তব্যে উত্তম কুমার বিশ্বাস বলেন, তিনি রাজশাহীর কুচপাড়া এলাকার একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ। ২০২১ সালের ১ নভেম্বর মো. রাসেল (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, পিতা: মৃত আমজাদ হোসেন) তার কাছে জমি বিক্রির কথা বলে ১১ লাখ টাকা নেন। তবে দীর্ঘ সময় পার হলেও তিনি জমি বুঝিয়ে দেননি এবং টাকা ফেরতও দেননি। এ ঘটনায় তিনি এনআই অ্যাক্টে একটি মামলা (নং ১৩৫০/২২) দায়ের করেন।
তিনি অভিযোগ করেন, ওই সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলাটি চাপা দেওয়ার চেষ্টা করা হয়। বিবাদীর সৎ মা রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হওয়ায় পুলিশ-প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে উত্তম কুমার বিশ্বাস বলেন, “সরকার পরিবর্তনের পর ভেবেছিলাম ন্যায়বিচার পাব। কিন্তু এখনো বিভিন্নভাবে আমাকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। অচেনা নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে, রাতে ভয় দেখানো হচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, গত ১৫ মার্চ ২০২৬ তারিখে মো. রাসেল তার দলবল নিয়ে তার বাড়িতে হামলা চালায় এবং পরিবার-পরিজনের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় মামলা প্রত্যাহার না করলে তাকে ও তার ছেলেকে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
উত্তম কুমার বিশ্বাস বলেন, “আমি একজন সংখ্যালঘু মানুষ হিসেবে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় মামলার বিচার চাই, আমার কষ্টার্জিত টাকা ফেরত চাই এবং নিরাপদে বাঁচতে চাই।”
সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত, ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।