ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি লিফটের নিচ থেকে রাজু শেখ (৫৫) নামে এক রোগীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রামনগর গ্রামের শহীদ শেখের পুত্র এবং চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে হাসপাতালে আসা রোগীর স্বজনরা লিফটের ভেতর থেকে পচা গন্ধ পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এরপর ওয়ার্ড মাস্টারকে ডেকে আনা হলে লিফটের পাটাতন খুলে দেখা যায়, নিচে একটি লাশ পড়ে আছে। সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, “লিফটের পাটাতনের নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি কীভাবে সেখানে গেল, তা জানতে তদন্ত চলছে। এটি দুর্ঘটনা, আত্মহত্যা না কি পরিকল্পিত হত্যাকাণ্ড, সেটি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর।”
তিনি আরও জানান, মরদেহটি দুই দিন আগে সেখানে পড়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি নিয়ে হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা ও তদারকির ক্ষেত্রে বড় ধরনের গাফিলতির অভিযোগও তুলেছেন অনেক রোগীর স্বজন।