ভ্রাম্যমাণ প্রতিনিধি :
রাজশাহীর চারঘাটে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার রাওথা কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাজশাহী থেকে পাবনার উদ্দেশ্যে যাত্রারত একটি অ্যাম্বুলেন্স রাওথা কলেজ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার তীব্রতায় উভয় যানবাহন দুমড়ে-মুচড়ে যায়।
এতে অ্যাম্বুলেন্স চালক রাব্বি ইসলাম (৩০), মরদেহ বহনকারী আত্মীয় আবু তালহা (১৮), বাসযাত্রী রনজিৎ হলদার (৫৫) ও নিপা খাতুন (৩৩) গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় রাব্বি ও রনজিৎকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।