ভ্রাম্যমাণ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ২০ হাজার ২০০ ভারতীয় রুপিসহ কামাল হোসেন (৪৫) নামে এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ব্যক্তি উপজেলার গাঘাটিয়া গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে।
শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে তাহিরপুরের লাউরেরগড় বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১২০৪-এমপি থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দশগড় এলাকায় অভিযান চালিয়ে বিজিবির টহল দল তাকে আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, কামাল হোসেন অবৈধভাবে ভারত থেকে প্রবেশ করে ভারতীয় মুদ্রাসহ দেশে ফিরছিলেন। আটককালে তার কাছ থেকে ২০ হাজার ২০০ ভারতীয় রুপি জব্দ করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “আটককৃতকে তাহিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।