ভ্রাম্যমাণ প্রতিনিধি :
ঢাকা থেকে বিমান দুর্ঘটনায় নিহত সাহসী শিক্ষিকা মাহেরীন চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বুধবার সকালে তাঁর সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান।

মাহেরীন চৌধুরী ছিলেন ঢাকার দিয়াবাড়িস্থ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক। তাঁর বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি ইউনিয়নের চৌধুরীপাড়ায়। সেখানে নিজ গ্রামে তাঁকে সমাহিত করা হয়।

সকাল ১০টার দিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিহত শিক্ষিকার কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁরা মাহেরীন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জলঢাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন, জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেনসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং নিহত শিক্ষিকার পরিবারবর্গ।