পাবনা ব্যুরো চিপঃ
মোঃ মনিরুজ্জামান মুন্না
পাবনার সাঁথিয়া উপজেলার হাঁপানিয়ায় গর্ভধারণী মা’কে নির্যাতনের ঘটনা ফেসবুকে ভাইরাল। অসুস্থ মা কাঞ্চন খাতুন (৭৫)কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বৃদ্ধার ছেলে নজরুল ইসলাম (৪৫), পুত্রবধূ সোনালী (৪০), ছেলের শ্যালক মনিরুজ্জামান (৩৫), শ্যালিকা ফরিদা খাতুন (৩৭) এবং মুরশিদা খাতুন (৩৩)কে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার সন্ধ্যা ৮টায় তাদের হাঁপানিয়া নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

জানা যায়, উপজেলার হাঁপানিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ভারসাম্যহীন বয়স্ক স্ত্রী কাঞ্চন খাতুনকে শনিবার তার পুত্রবধূ সোনালী খাতুন ও পুত্র নজরুল ইসলাম অমানুষিক নির্যাতন করে। যার ভিডিও ধারণ করে পাশের বাসার এক আত্মীয়। পরে ঐ আত্মীয় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ফেসবুক ভিডিও থেকে দেখা যায়, প্রথমে শাশুড়িকে পুত্রবধূ সোনালী জঞ্জালে ফেলে মারপিট করছে। দ্বিতীয় দফায় পুত্র নজরুল ইসলাম মা’কে গলা টিপে ধরছে। এক পর্যায়ে ছেলে মা’কে উঁচু করে তুলে মাটিতে ফেলে দিচ্ছে। বৃদ্ধ মা চিৎকার করে কান্না করছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে সমালোচনার ঝড় উঠে। এ ঘটনায় বৃদ্ধা কাঞ্চন খাতুন অসুস্থ হয়ে পড়েন। রোববার সকালে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না নিজ জীপে করে তাকে সাঁথিয়ায় নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেন। এদিকে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে থানা পুলিশ ও পাবনার সেনাসদস্যরা পাঁচজনকে আটক করে। আটককৃতদের গতকাল রোববার পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার রাতে বৃদ্ধা কাঞ্চনের মেয়ে আম্বিয়া খাতুন বাদী হয়ে ৬ জনকে আসামি করে সাঁথিয়া থানায় মামলা করেছেন। এলাকাবাসী ও কাঞ্চন খাতুনের মেয়ে আম্বিয়া জানান, তার মা মানসিক ভারসাম্যহীন। তাকে মাঝেমধ্যে পুত্রবধূ সোনালী ও ছেলে নির্যাতন করতো। ছেলে নজরুল ইসলাম স্ত্রীর কথায় মা’কে মারপিট করে। স্ত্রীর কথা না শুনলে তাকেই মারপিটের শিকার হতে হয়। সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, মা’কে মারপিটের ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে থানা পুলিশ শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হয়। আটককৃতদের প্রথমে সেনাক্যাম্পে জিজ্ঞাসাবাদ করে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, বৃদ্ধা মাকে নির্যাতনের ঘটনায় ছেলে ও পুত্রবধূসহ ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।