ইয়াহিয়া খান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন, দীর্ঘদিনের শূন্য পদ পূরণ, প্রয়োজনীয় নতুন পদ সৃষ্টি, পর্যাপ্ত জনবল নিয়োগ এবং ক্যাথ-ল্যাব মেশিন স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সিরাজগঞ্জ স্বার্থরক্ষা ফোরাম।
রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, সিরাজগঞ্জ জেলা দেশের অন্যতম নদীভাঙন কবলিত এলাকা। প্রতিবছর অসংখ্য মানুষ ঘরবাড়ি, জমিজমা ও জীবিকা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। এ অঞ্চলের অধিকাংশ মানুষ দারিদ্র্যের কারণে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে পারে না, ফলে সরকারি হাসপাতালই তাদের একমাত্র আশ্রয়। কিন্তু জেলার একমাত্র সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দীর্ঘদিন ধরে জনবল সংকট ও প্রশাসনিক জটিলতার কারণে সাধারণ মানুষ পর্যাপ্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
বক্তারা অভিযোগ করেন, শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিশাল অবকাঠামো থাকা সত্ত্বেও অসংখ্য পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। জরুরি বিভাগ, বহির্বিভাগ ও মেডিসিন বিভাগে পর্যাপ্ত চিকিৎসক ও কর্মী নেই। প্রায় ২০ কোটি টাকা মূল্যের আধুনিক ক্যাথ-ল্যাব মেশিন, যা হার্টের রোগীদের এনজিওগ্রাফি ও রিং বসানোর মতো গুরুত্বপূর্ণ চিকিৎসায় ব্যবহৃত হয়, তা চালু না করে একটি অসাধু চক্র সেটি ঢাকায় স্থানান্তরের ষড়যন্ত্র করছে।
তারা বলেন, “এই মেশিনটি যদি সিরাজগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয়, তবে এই অঞ্চলের দরিদ্র হৃদরোগীরা রাজধানীতে গিয়ে ব্যয়বহুল চিকিৎসা নিতে না পেরে মৃত্যুর মুখে পড়বে-যা মানবিক ও সামাজিকভাবে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
মানববন্ধনে বক্তারা চার দফা দাবি উত্থাপন করেন-
১. শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাম অবিলম্বে পরিবর্তন।
২. দীর্ঘদিনের সকল শূন্য পদ দ্রুত পূরণ।
৩. জরুরি বিভাগ, বহির্বিভাগ ও মেডিসিন বিভাগে নতুন পদ সৃষ্টি ও পর্যাপ্ত জনবল নিয়োগ।
৪. ক্যাথ-ল্যাব বিভাগ চালু করে বিদ্যমান মেশিন স্থানান্তরের যেকোনো ষড়যন্ত্র বন্ধ করা।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ড্যাবের সভাপতি ও সিরাজগঞ্জ স্বার্থরক্ষা ফোরামের আহ্বায়ক ডা. এম. এ. লতিফ, শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজের সার্জিক্যাল বিভাগের সহকারী অধ্যাপক ডা. এম. মুরাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে জেলার সর্বস্তরের মানুষের পক্ষে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উল্লিখিত দাবিগুলোর দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।