মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি।।
“একটি আধুনিক ও পরিচ্ছন্ন চাঁদপুর গড়াই আমাদের লক্ষ্য”—স্বেচ্ছাসেবক দিবসে ডিসি নাজমুল ইসলাম সরকার
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উপলক্ষে শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় চাঁদপুর সার্কিট হাউস প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে জেলা প্রশাসন, সার্বিক সহযোগিতায় বদলাও ইয়ূথ ফাউন্ডেশন। এ বছরের প্রতিপাদ্য ছিল— প্রতিটি অবদানই মূল্যবান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক- মোঃ নাজমুল ইসলাম সরকার।
তিনি বলেন, স্বেচ্ছাসেবার আলোয় বদলে যাক সমাজ, মানবতার ছোঁয়ায় জাগুক নতুন উদ্দীপনা। স্বেচ্ছাসেবী মানে ভিন্ন শক্তি, মানবতার ডাক এবং সমাজ পরিবর্তনের দৃঢ় অঙ্গীকার। স্বেচ্ছাসেবীরা শুধু কাজই করেন না—তারা অন্যকে অনুপ্রাণিত করেন। যেখানে স্বেচ্ছাসেবীরা কাজ করেন, সেখানেই এগিয়ে যাওয়ার পথ তৈরি হয়।
চাঁদপুর শহরের উন্নয়নের প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, চাঁদপুরে দায়িত্ব নেওয়ার দিন ভোরে আমি পুরো শহর ঘুরেছি। কোথায় সমস্যা, কোথায় উন্নতির প্রয়োজন—সব আমি মোবাইলে ধারণ করেছি। আমরা সবাই একসঙ্গে কাজ করলে এগুলো খুব দ্রুত সমাধান করা সম্ভব। আমি দায়িত্ব পাওয়ার পর এখানে দিতে এসেছি, পরে তিনি ল্যাপটপের মাধ্যমে প্রজেক্টরে শহরের বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন।
তিনি বলেন, এই শহরটি ছোট হলেও সম্ভাবনা অনেক বড়। আমি মনে করি এই শহরে একটি আধুনিক পার্ক, একটি চিড়িয়াখানা, একটি জাদুঘর থাকা প্রয়োজন, এসব চাঁদপুরের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও উজ্জ্বল করবে। আগামী প্রজন্মের জন্য একটি গর্ব করার মতো শহর গড়ে তুলতেই হবে। স্বেচ্ছাসেবীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা হচ্ছেন সমাজ পরিবর্তনের নায়ক। আপনাদের প্রতিটি অবদান সমাজকে মানবিক, পরিচ্ছন্ন ও সুন্দর করে।
বদলাও ইয়ূথ ফাউন্ডেশন সদস্য মাহমুদা আক্তার এর সঞ্চালনায়,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)- খায়রুল কবির, উপজেলা নির্বাহী অফিসার- এস এম এন জামিউল হিকমা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক- মোঃ নজরুল ইসলাম, এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও চাঁদপুর ক্লিন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি- এডভোকেট নুরুল আমিন খান আকাশ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)- মোঃ এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে,
স্বাগত বক্তব্য রাখেন বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের সভাপতি- মুহাম্মদ আবদুর রহমান রিজভি।
এ সময় চাঁদপুর জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।