বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নে ধনিরহাট বাজারের আশেপাশে ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে মাদক। সহজলভ্যতার কারণে বিপথে যাচ্ছে তরুণ প্রজন্ম, বাড়ছে চুরি, ছিনতাই, ধর্ষণ ও যৌন হয়রানির মতো অপরাধ। এতে উদ্বেগ-আতঙ্কে দিন কাটাচ্ছেন অভিভাবক ও সচেতন নাগরিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভানোর ধনিরহাট উচ্চ বিদ্যালয় মাঠসহ ময়মনসিংহ পাড়া এলাকায় প্রকাশ্যেই চলছে মাদক বেচাকেনা। গড়ে উঠেছে একাধিক আখড়া, যেখানে প্রতিদিনই জড়ো হচ্ছে উঠতি বয়সী তরুণরা।
এছাড়া সাপটি গোরস্থান সংলগ্ন আমবাগান ও শ্মশানঘাটের পিছনে, ডালিমপাড়া, ধনিরহাট উচ্চ বিদ্যালয়ের পিছনে বাঁশঝাড় ও ময়মনসিংহ পাড়া এলাকায় কয়েকটি বাড়িতে সক্রিয় রয়েছে মাদক বিক্রির একাধিক স্পট।
সরেজমিনে দেখা গেছে, একসময় পুলিশি তৎপরতায় কিছুটা নিয়ন্ত্রণে এলেও বর্তমানে চেকপোস্ট ও নজরদারি কমে যাওয়ায় ফের সক্রিয় হয়ে উঠেছে মাদক সিন্ডিকেট।
স্থানীয়দের অভিযোগ, ভোর, দুপুর, সন্ধ্যা ও গভীর রাতে নির্দিষ্ট সড়ক ব্যবহার করে মাদককারবারী। চোরাইভাবে মোবাইল ও যানবাহন বন্ধক রেখে মাদক ধরিয়ে দেয়। অথচ এসব কর্মকাণ্ড ঠেকাতে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, প্রশাসনের নীরবতার কারণেই মাদক ব্যবসা বিস্তার লাভ করছে। তারা নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির দাবি জানান।
একজন স্থানীয় জনপ্রতিনিধি ক্ষোভ প্রকাশ করে বলেন, “পুলিশের নাকের ডগায় মাদক বিক্রি হলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। এতে সাধারণ মানুষের আস্থা নষ্ট হচ্ছে।”
সচেতন মহলের মতে, শুধু আইন প্রয়োগ নয়-মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন, পারিবারিক সচেতনতা ও তরুণদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করাও জরুরি। তা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, “মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এখনই কঠোর ব্যবস্থা না নিলে একটি পুরো প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।”
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, “খুব শিগগিরই মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে। কোনো অবস্থাতেই কাউকে ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতাও প্রয়োজন।”