নিজস্ব প্রতিনিধিঃ
কর্ণফুলী নদী তীরবর্তী এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১২ কোটি টাকা।
সরকার ঘোষিত ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে এই অভিযান পরিচালিত হয়। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকায় নদীতীরবর্তী একটি গোডাউনে রোববার বিকেলে অভিযান চালানো হয়।
মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ‘সি হার্ট’ নামের ওই গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থলে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা মালিকবিহীন দুটি ট্রাক থেকেও উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়।
অভিযানে মোট ৩২ লাখ ৫০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩১২ কোটি টাকা বলে জানানো হয়েছে। পরে জব্দকৃত জালগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং উপকূলীয় এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।