নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক অন্তঃসত্ত্বা নারীকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার গর্ভস্থ পাঁচ মাসের শিশুর মৃত্যু হয়েছে বলে চিকিৎসা প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
গত ১৬ এপ্রিল বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ২১ এপ্রিল ভুক্তভোগীর মা মাকসুদা আক্তার রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন ভুক্তভোগী বিথী (২৬) ও তার মা নিজ বাড়িতে এসে দেখতে পান, কয়েকজন ব্যক্তি সেখানে মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত। তারা এর প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে বিথীর ওপর শারীরিক হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলার সময় তাকে পেটে লাথি মারা হলে তিনি গুরুতর আহত হন এবং রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীর মা মাকসুদা আক্তার অভিযোগ করে বলেন, এ হামলার ফলে তার মেয়ের গর্ভস্থ সন্তান মারা গেছে এবং তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস জানান, হাসপাতালে ভর্তির পর আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় দেখা গেছে, আঘাতজনিত কারণে গর্ভস্থ ভ্রূণের মৃত্যু হয়েছে।
তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, অন্য একটি ঘটনায় ধাক্কা লেগে ওই নারী আহত হয়েছেন এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।