নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ৮ মে কুষ্টিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধানমন্ত্রীর সফরকে সুষ্ঠু, নিরাপদ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্যাপনকে কেন্দ্র করেও যথাযথ প্রস্তুতির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন হাসান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ রুমী, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এছাড়াও সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।