নিজস্ব প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে এসব প্রার্থীর মনোনয়ন গ্রহণযোগ্য হিসেবে চূড়ান্ত হয়েছে বলে দলীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে দলীয় মনোনয়ন বোর্ড দুই দিনের দীর্ঘ সাক্ষাৎকার শেষে ৩৬ জন নারী নেত্রীকে সংরক্ষিত আসনের জন্য চূড়ান্তভাবে মনোনীত করে তালিকা প্রকাশ করে। ওই প্রক্রিয়ায় প্রায় ৯০০ জন মনোনয়ন প্রত্যাশী অংশ নেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত তালিকা ঘোষণা করেন। তিনি জানান, সংগঠন, আন্দোলন-সংগ্রামে অবদান এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার ভিত্তিতেই প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে।
প্রকাশিত তালিকায় বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের একাধিক পরিচিত নারী নেত্রী রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন—সেলিমা রহমান, শিরিন সুলতানা, নিপুণ রায় চৌধুরী, মাহমুদা হাবিবা, সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, শাম্মী আক্তারসহ আরও অনেকে।
দলীয় পর্যবেক্ষকদের মতে, সংরক্ষিত নারী আসনে এই মনোনয়ন বিএনপির সাংগঠনিক ভারসাম্য, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন এবং নারী নেতৃত্বকে সামনে আনার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত হওয়ায় এখন নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী ধাপের দিকে অগ্রসর হবে সংশ্লিষ্ট আসনগুলো।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনের এই নির্বাচন জাতীয় রাজনীতিতে নারী নেতৃত্বের ভূমিকা আরও দৃশ্যমান করবে এবং আগামী সংসদের রাজনৈতিক সমীকরণেও এর প্রভাব পড়তে পারে।