নিজস্ব প্রতিনিধিঃ
দেশজুড়ে হামের টিকাদান ক্যাম্পেইনের চতুর্থ দিনেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এই কর্মসূচি চললেও দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে, ফলে চিকিৎসা ব্যবস্থার ওপর চাপ আরও তীব্র হয়ে উঠেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন ১২৫ জন হামের রোগী।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার (২২ এপ্রিল) একদিনেই ৩৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল পর্যন্ত আরও ২৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ পর্যন্ত জেলায় মোট ৯০৯ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। প্রতিদিন নতুন রোগী আসায় পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। চাপ সামলাতে পৃথক দুটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে, যা শুধুমাত্র হাম রোগীদের জন্য ব্যবহৃত হচ্ছে।
এদিকে পাবনা সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬২ জন।
বরিশাল, সিলেট, ময়মনসিংহ, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে রোগীর চাপ বাড়ছে বলে জানা গেছে।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্কদের মধ্যেও হামের সংক্রমণ দেখা যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষায়িত ওয়ার্ডগুলোতেও ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা ব্যবস্থাপনায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যঝুঁকি আরও বেড়েছে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা।