নিজস্ব প্রতিনিধিঃ
সরবরাহ কিছুটা বাড়লেও জ্বালানি তেলের সংকট এখনো পুরোপুরি কাটেনি। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে গ্রাহকদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে, যদিও আগের তুলনায় পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায়, সরবরাহ স্বাভাবিকের দিকে ফেরায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে। এতে সাম্প্রতিক দিনের তীব্র ভোগান্তি কিছুটা কমেছে।
পাম্প সংশ্লিষ্টরা জানান, বর্তমানে তেল সরবরাহ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে ফুয়েল পাসের মাধ্যমে তেল বিতরণে কিছুটা সময় লাগায় মাঝে মধ্যে সামান্য চাপ তৈরি হচ্ছে। তবুও এটি বড় ধরনের ভোগান্তিতে রূপ নিচ্ছে না।
এদিকে চাহিদা কিছুটা কমতে শুরু করায় ফিলিং স্টেশনগুলোতে লাইনের দৈর্ঘ্যও ধীরে ধীরে কমছে। সংশ্লিষ্টদের মতে, পর্যাপ্ত মজুত নিশ্চিত করে সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখা গেলে খুব শিগগিরই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।