নিজস্ব প্রতিনিধিঃ
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংসদীয় কার্যক্রম নিয়ে কড়া সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মাহফুজ আলম লিখেছেন, গত দুই সপ্তাহ ধরে চলমান সংস্কার ও বিচার নিয়ে আলোচনা হঠাৎ করেই স্তিমিত হয়ে গেছে। অথচ একই সময়ে জ্বালানি সংকট, লোডশেডিংয়ে জনজীবনের দুর্ভোগ, হামের প্রাদুর্ভাব, অর্থনীতির নাজুক অবস্থা এবং নাগরিক নিরাপত্তাহীনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো কার্যত আলোচনার বাইরে চলে গেছে।
সংসদের ভেতর ও বাইরের রাজনৈতিক কর্মকাণ্ডকে তিনি ‘বাটোয়ারার রাজনীতি’ হিসেবে উল্লেখ করে প্রশ্ন তোলেন, “দুপুরে এক পক্ষ মারবে, রাতে আরেক পক্ষ—এভাবেই কি জনগণকে ধোঁকা দেওয়া হবে?”
তিনি সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা নিয়েও সমালোচনা করেন। স্থানীয় সরকার ব্যবস্থায় এমপিদের হস্তক্ষেপ এবং বিভিন্ন সরকারি অফিস তাদের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়ার বিষয়টিকে তিনি উদ্বেগজনক বলে মন্তব্য করেন। পাশাপাশি এমপিদের জন্য নতুন গাড়ি ও বিলাসবহুল সুবিধা দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন।
মাহফুজ আলমের এই মন্তব্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।