নিজস্ব প্রতিনিধিঃ
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাম্প্রতিক ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারকে সতর্ক করেছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাকিবুল বলেন, চট্টগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষসহ সাম্প্রতিক ঘটনাগুলোতে ছাত্রদল অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। তিনি দাবি করেন, এসব ঘটনার পেছনে গুপ্ত রাজনীতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অশ্লীল ফটোকার্ড ভূমিকা রেখেছে। এ ধরনের ইস্যুতে গত দুই বছর ধরে ছাত্রদল শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানিয়ে আসছে বলেও উল্লেখ করেন তিনি।
রাকিবুল ইসলাম বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর ইসলামি ছাত্রশিবিরসহ সব পক্ষকে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। ছাত্রদলের নেতা-কর্মীদেরও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, যেন তারা কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না করে এবং উসকানিতে প্রতিক্রিয়া না জানায়।
তবে তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তার ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার মুহূর্তেও সালাউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক স্ট্যাটাস দিচ্ছেন এবং ছাত্রদল ও জিয়া পরিবারকে নিয়ে অশালীন মন্তব্য করছেন।
রাকিবুল বলেন, ছাত্রদল শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় বা স্থানীয় পর্যায়েই সীমাবদ্ধ নয়; বরং দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর ও উপজেলায় সংগঠনটির বিস্তৃত উপস্থিতি রয়েছে। তিনি আরও বলেন, “৫ আগস্টের পর কিছু ব্যক্তির আবির্ভাব ঘটেছে, কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা দীর্ঘ সাড়ে ১৫ বছর আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে।”
তিনি সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে বলেন, “অশালীন ও উসকানিমূলক আচরণ থেকে বিরত থাকতে হবে।” একই সঙ্গে ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গঠনমূলক সমালোচনা গণতান্ত্রিক ভাষায় করা উচিত, তবে অশ্লীলতা ও ব্যক্তিগত আক্রমণ পরিহার করতে হবে।
সবশেষে রাকিবুল ইসলাম ক্যাম্পাসে স্বাভাবিক শিক্ষা পরিবেশ বজায় রাখা এবং একটি স্থিতিশীল বাংলাদেশ গঠনে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।