নিজস্ব প্রতিনিধিঃ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ইউরোপীয় শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তিকে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে একটি বাস্তবভিত্তিক ও কার্যকর ‘রোডম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত ‘ইউরোপীয় শ্রমবাজারে ১০ লাখ দক্ষ জনশক্তি: মাস্টারপ্ল্যান (২০২৬-২০৩১) উপস্থাপন এবং প্রবাসীদের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এই প্রবাহ আরও জোরদার করতে নতুন শ্রমবাজার সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তথ্যমন্ত্রী উল্লেখ করেন, তৈরি পোশাক খাত ও রেমিট্যান্স বর্তমানে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস হলেও আমদানিনির্ভর অর্থনীতিতে টিকে থাকতে বিকল্প খাতের উন্নয়ন অপরিহার্য। এ ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ রপ্তানি এবং নতুন বাজার অনুসন্ধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে জনতাত্ত্বিক লভ্যাংশের একটি গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে। এই বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীকে শুধুমাত্র শ্রমিক হিসেবে নয়, বরং উন্নত দক্ষতা ও জ্ঞানে প্রশিক্ষিত জনশক্তি হিসেবে বিশ্ববাজারে উপস্থাপন করতে হবে।
প্রবাসে কর্মরত বাংলাদেশিদের দেশের ‘অ্যাম্বাসেডর’ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিদেশে কর্মীদের আচরণ, শৃঙ্খলা ও নৈতিকতার বিষয়েও সচেতনতা বাড়ানো জরুরি। দক্ষতা ও ভাষা শিক্ষার পাশাপাশি তাদের মানসিক প্রস্তুতি ও পেশাগত দৃষ্টিভঙ্গি উন্নত করতে হবে।
বৈদেশিক মুদ্রা অর্জনের বিকল্প খাত হিসেবে পর্যটন শিল্পের সম্ভাবনার কথাও তুলে ধরে তিনি বলেন, কক্সবাজার ও কুয়াকাটার মতো পর্যটন কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তোলা গেলে তা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
সেমিনারে আগামী পাঁচ বছরে ইউরোপে ১০ লাখ দক্ষ জনশক্তি পাঠানোর লক্ষ্যে একটি মাস্টারপ্ল্যান উপস্থাপন করা হয়। এ পরিকল্পনা বাস্তবায়নে দক্ষ কর্মীদের সমন্বয়ে ডাটাবেজ তৈরি এবং নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং জাতীয় সংসদে তাদের জন্য সংরক্ষিত আসনের দাবিও জানানো হয়।
ইতালবাংলা সমন্বয় উন্নয়ন সমিতি ও বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বিএনপির সর্ব ইউরোপীয় শাখার আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ ঝিন্টু। প্রধান বক্তা হিসেবে মাস্টারপ্ল্যান উপস্থাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোহাম্মাদ তাইফুর রহমান ছোটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক প্রকৌশলী মো. সালাহ উদ্দিন ও উপপরিচালক মোহাম্মদ আলী মর্তুজা। তারা বলেন, ইউরোপীয় শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে ভাষাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্মীদের মানসিক প্রস্তুতি নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সেমিনারে ইউরোপভিত্তিক বিভিন্ন প্রবাসী সংগঠনের নেতারাও বক্তব্য দেন।