নিজস্ব প্রতিনিধিঃ
চলতি বছরের পবিত্র হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ৮৪টি ফ্লাইটে মোট ৩৩ হাজার ৩১৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার (২৫ এপ্রিল) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, শনিবার সকাল ১০টা পর্যন্ত ৮৪টি ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও পাঁচটি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
বিমান সংস্থাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৫টি ফ্লাইটে ১৪ হাজার ৬৯ জন, সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের ৩১টি ফ্লাইটে ১২ হাজার ১১৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৩৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
হজ অফিসের তথ্য অনুযায়ী, বাকি ৪৪ হাজার ৯৭৮ জন হজযাত্রী নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছাবেন।
লোকমান হোসেন আরও জানান, বৃহস্পতিবার পর্যন্ত সৌদি দূতাবাস মোট ৭৮ হাজার ২৯৬ জন হজযাত্রীকে ভিসা প্রদান করেছে। এর মধ্যে ৪ হাজার ৪১৯ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৮৭৭ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নিচ্ছেন।
এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি-৩০০১) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে। এই ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় অংশ নেবেন।
হজ ব্যবস্থাপনায় ৩০টি প্রধান সংস্থা এবং ৬৩০টি সমন্বয়কারী সংস্থাসহ প্রায় ৬৬০টি প্রতিষ্ঠান যুক্ত রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।