নিজস্ব প্রতিনিধিঃ
সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে ১৭ সদস্যের একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে বিরোধী দলের কাছ থেকে পাঁচজন সদস্যের নাম চাওয়া হয়েছে।
বুধবার সংসদে বক্তব্য দিতে গিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, সংসদীয় কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি অনুযায়ী এই বিশেষ কমিটি গঠন করা হবে। ইতোমধ্যে ১২ সদস্যের একটি প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়েছে।
মন্ত্রী বলেন, প্রস্তাবিত তালিকায় বিএনপির সাতজন সংসদ সদস্য রয়েছেন। এছাড়া গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি ও স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকে আরও পাঁচজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, সংসদে বিরোধী দলের প্রতিনিধিত্ব প্রায় ২৬ শতাংশ হওয়ায় সেই অনুপাতে বিশেষ কমিটিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পাঁচটি নাম প্রত্যাশা করা হচ্ছে।
সরকার দ্রুত সংবিধান সংশোধন প্রক্রিয়া শুরু করতে আগ্রহী উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘জুলাই সনদ’কে সামনে রেখে কাজ এগিয়ে নিতে বিরোধী দল দ্রুত নাম দিলে আগামীকালই কমিটি গঠনের প্রস্তাব সংসদে তোলা সম্ভব।
এদিকে বিরোধী দলীয় নেতা মো. শফিকুর রহমান জানিয়েছেন, কমিটি গঠন নিয়ে তাদের কিছু মৌলিক মতপার্থক্য রয়েছে। তবে দলীয়ভাবে আলোচনা শেষে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
পরবর্তীতে আইনমন্ত্রী বলেন, বিরোধী দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে সরকারের আপত্তি নেই। প্রয়োজন হলে সংবিধান সংশোধনের প্রক্রিয়া পরবর্তী অধিবেশন পর্যন্তও স্থগিত রাখা হতে পারে।