ভ্রাম্যমাণ প্রতিনিধি :
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, “গণঅভ্যুত্থানের পরও দেশে ক্ষমতা অপব্যবহার করে ধনসম্পদ আহরণের যে পদ্ধতি চলছে, তা পরিবর্তন করে নতুন বন্দোবস্ত করতে হবে।”
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে জেলা ও মহানগর শাখা আয়োজিত ‘জুলাই সমাবেশে’ তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জুলাই আমাদের স্মরণ করিয়ে দেয় এই দেশ জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। কাজেই জনগণকে বাদ দিয়ে যে ক্ষমতা ব্যবস্থা চলছে, তা বদলাতেই হবে।”
জোনায়েদ সাকি আরও বলেন, “বিদেশি কিছু অপশক্তি এখনও পতিত ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় মিটফোর্ডের সামনে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশেও হামলা হয়েছে, যেখানে পাঁচজন নিহত হয়েছেন।”
নতুন বন্দোবস্ত প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বলেছি, এই বন্দোবস্ত মানেই হচ্ছে সংস্কার যা জনগণের সম্মতিতে হতে হবে। একটি জাতীয় সংকটময় সময় অতিক্রম করছি, তাই রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন। সেই ঐকমত্য গড়তে হবে ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা’কে সামনে রেখে।”
সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন এবং সঞ্চালনা করেন নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস। বক্তব্য রাখেন মহানগর সমন্বয়কারী বিপ্লব খাঁন, পপি রাণী সরকার, আলমগীর হোসেন আলম, শুভ দেব, ফারহানা মানিক মুনা, জিয়াউর রহমান, আব্দুল আল মামুন প্রমুখ।