নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর এলাকা থেকে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে তাকে ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে মিরপুর-০৬ এলাকা হতে ডিএমপির মিরপুর মডেল থানা ও পল্লবী থানা পুলিশের যৌথ টিম তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার (২২ অক্টোবর) এই তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
পল্লবী থানা সূত্র জানায়, গত ২৩ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত বাদী হৃদয় মিয়ার অভিযোগের প্রেক্ষিতে পল্লবী থানায় একটি হত্যা চেষ্টা মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত ব্যারিস্টার সুমন এই মামলার ৩ নং এজাহার নামীয় আসামী।
পরে এদিন দুপুরে গ্রেফতার ব্যারিস্টার সুমনকে ১০ দিনের রিমাণ্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে ৫ দিনের রিমান্ডে পাঠান।