জনগণের নির্বাচিত সরকার ছাড়া কোনো ধরনের সিন্ডিকেট ভাঙা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক দলের আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, ‘জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এ অবস্থায় বাজার সিন্ডিকেট বন্ধ করা সম্ভব নয়। যেকোনো সংস্কারের জন্য জনগণের নির্বাচিত সরকার না হলে তা সম্ভব নয়।’
তিনি বলেন, ‘কৃষকের পানির সুবিধা, সংরক্ষণ ও মাটির নিচে পানির ব্যবহার কমাতে বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবার শুরু করা হবে। কৃষিখাতে দৃষ্টি দেওয়ার পাশাপাশি কৃষিপণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে উদ্যোগ নেয়া হবে।’