নিজস্ব প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু মঙ্গলবার বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে। তিনি সতর্ক করে বলেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের গণতন্ত্র মারাত্মকভাবে বিপন্ন হয়ে পড়বে।
দুলু নাটোর শহরের কানাইখালী প্রেসক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আমরা ফ্যাসিস্ট সরকারের বিচার চাই। আমরা নির্বাচনে যেতে চাই, তবে নির্বাচন অবশ্যই সঠিক সময়ে এবং সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এটি আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি।”
অনুষ্ঠানে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।